রাজধানীর হাজারীবাগে ট্যানারি মোড়, তিন মাজার সংলগ্ন ফেনী ট্যানারির পাশে একটি টিনশেড খেলনার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিনগত রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে হঠাৎ হক ও খোকন ট্যানারির দিকে আগুন জ্বলতে দেখেন এলাকাবাসী। বাতাসের প্রবাহ বেশি থাকায় মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের পুরো অংশে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পর স্থানীয় মসজিদ থেকে মাইকে সতর্কতা ও সহযোগিতার জন্য ঘোষণা দেওয়া হয়। আগুন যাতে আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সতর্ক অবস্থানে রয়েছে।
খুলনা গেজেট/এইচ

