পাকিস্তান হয়ে তেহরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর পরিকল্পনা

গেজেট ডেস্ক

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনে দেশে ফেরাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। পরিকল্পনার অংশ হিসেবে, তেহরান থেকে বাংলাদেশিদের প্রথমে স্থলপথে ইরান-পাকিস্তান সীমান্তে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আকাশপথে বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে।

বুধবার (১৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তেহরানে বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে প্রায় ১০০ জন ইতোমধ্যেই বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের অনেকেই তেহরান থেকে সরে গিয়ে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মধ্যে ৫০ জনের বেশি ইতোমধ্যে তেহরান থেকে দূরে নিরাপদ এলাকায় চলে গেছেন।

তারা আরও জানান, বাংলাদেশ দূতাবাসের একাধিক কূটনীতিকসহ দূতাবাসের প্রায় ৪০ জন কর্মকর্তা ও কর্মচারীকেও নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, সবাইকে একত্রে আবাসনের ব্যবস্থা করা কিছুটা কঠিন হওয়ায় অনেকেই নিজ উদ্যোগে দলবদ্ধ হয়ে স্থান পরিবর্তন করেছেন। দূতাবাস তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করছে।

সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং যেকোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন