বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

গেজেট ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন কয়েকশ বিক্ষোভকারী। গতরাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন সাম্য।

সাম্য জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

তার সহপাঠী আশরাফুল ইসলাম রাফি বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২০১৮-১৯ সেশন) ছাত্র। হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি।

তিনি আরও বলেন, সাম্য মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এর জের ধরে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা সাম্যের ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আজ সকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমনা ডিভিশন পুলিশের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা হলেন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন