বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী

গেজেট ডেস্ক 

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্রসৈকতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। শনিবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে বলে জানান ওই শিক্ষার্থী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশকে খবর দেন। বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কলেজছাত্রীকে উদ্ধার করে।

জানা গেছে, শনিবার দুপুরে তার এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে (দিদারের প্রজেক্ট) পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা ছাত্রীর বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করলেও ধর্ষণকারীরা পালিয়ে যায়।

গণধর্ষণের শিকার শিক্ষার্থী মুঠোফোনে বলেন, ‘আমরা দুজন ঘুরতে এসেছি গুলিয়াখালী সৈকতে। সাগরপাড়ে নামার সময় আমাকে জিম্মি করে ধরে নিয়ে পাশে একটি জঙ্গলে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। অনেক আকুতি-মিনতি করেও নিজেকে রক্ষা করতে পারিনি’।

স্থানীয় বাসিন্দা মুন্না নামে এক ব্যক্তি মুঠোফোনে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধার করি। মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন।’

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘সমুদ্রসৈকতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময় নানা অনৈতিক কাজ ছাড়াও এখানে আসা পর্যটকরা নানাভাবে বখাটে ও সন্ত্রাসীর হাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত জানার পর জানাবো।’

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন