শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

কারাগারে অসুস্থ বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

গেজেট ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মো. খলিলুর রহমান (৬৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সাবেক বিডিআর সদস্য, বিডিআর বিদ্রোহ মামলার আসামি ছিলেন।

শনিবার বিকেল পৌনে চারটার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এ সময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মো. খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আব্দুল আলীম বলেন, ‘আজ সকালের দিকে হাজতি খলিলুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে আমি সহ কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানায়, সে আর বেঁচে নেই।’

তিনি আরও জানান, মৃত হাজতি খলিলুর রহমানের পিতার নাম মৃত আব্দুর রশিদ মাতব্বর। তার হাজতি নং ৪৫০৪৬/২৩। ‌‌বিডিআর বিদ্রোহ মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হাজতি সাবেক সদস্য খলিলুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন