গাজীপুরে এসি বিস্ফোরণে দু’জনের মৃত্যু

গেজেট ডেস্ক

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় জেনারেটরের রুমে থাকা এসির কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া এলাকার এলিগেন্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

নিহত সাগর ইসলাম (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

তিনি এলিগেন্ট গার্মেন্টসে এসি ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন। অপরজন সোহেল ইসলাম (২৫) ফরিদপুর জেলার সদরপুর থানার নইরশি গ্রামের জয়নাল তালুকদারের ছেলে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, কারখানার জেনারেটরের রুমে থাকা এসির কম্প্রেসার বিকল ছিল। কম্প্রেসার মেশিনটি সাগর ও সোহেল মেরামতের কাজ করছিলেন। মেরামত শেষে কম্প্রেসার মেশিনটি চালু করার সঙ্গে সঙ্গে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, সাগর ও সোহেলের মরদেহ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের শরীর ও মুখমণ্ডল ঝলসে গিয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন