মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

দীর্ঘদিন বন্ধের পর খুলনা-কোলকাতা রুটে গ্রীনলাইন পরিবহন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার খুলনা কোলকাতা রুটে বাস সার্ভিস চালু করছে গ্রীন লাইন পরিবহন। বৃহস্পতিবার (২১ জুলাই) উদ্বোধনের মাধ্যমে এ পরিবহনের সেবা চালু করা হবে। প্রচার প্রচারণা না হওয়ায় যাত্রী হয়নি। তবে সকালে একটি বাস খুলনা থেকে কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সপ্তাহে তিনদিন খুলনা থেকে কোলকাতার উদ্দেশ্যে বাসটি ছেড়ে যাবে। আবার পরবর্তী তিনদিন কোলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে বাসটি ছেড়ে আসবে।

গ্রীনলাইন পরিবহনের কাউন্টার সূত্রে জানা গেছে, করোনা পূর্ববর্তী সময়ে গ্রীনলাইন পরিবহনের খুলনা ও কোলকাতা বাস সার্ভিস ব্যাপক জনপ্রিয় ছিল। সংক্রমণের মাত্রা ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে সেবাটি বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রচেষ্টায় আবারও এ সার্ভিস চালু হচ্ছে। তবে প্রচারণা না হওয়ায় যাত্রী হয়নি। সকাল সাড়ে ৮ টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বাস খুলনা থেকে কোলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

গ্রীনলাইন পরিবহন খুলনার ম্যানেজার আইযুব হোসেন খুলনা গেজেটকে বলেন, বুধবার সন্ধ্যায় খুলনা কোলকাতা বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত আসে। সেবাটি ওয়েস্ট বাংলা ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাধ্যমে চলবে। সপ্তাহে তিনদিন শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ৮ টায় কোলকাতা নিউমার্কেটের উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে। আবার সোম, বুধ ও শুক্রবার কোলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে আসবে। পাসপোর্ট ও ভিসা ছাড়া কোন যাত্রী বহন করা হবেনা। খুলনা থেকে কোলকাতা রুটের বাস ভাড়া ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় এ সার্ভিসটির উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা চেম্বার অফ কমার্সের সহ- সভাপতি বুলু বিশ্বাস, বিশেষ অতিথি থাকবেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, খুলনা চেম্বার কমার্সের পরিচালক মিনহাজ উজ জামান সজল, ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আযম ডেভিড ও সভাপত্বি করবেন গ্রীনলাইন পরিবহন খুলনার তত্বাবধায়ক মইনুল ইসলাম জমাদ্দার।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন