শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

ভোলায় আগুনে পুড়ে ভষ্মীভূত ৩০ দোকান-ঘর

গে‌জেট ডেস্ক

ভোলার বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ দোকান ও বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাকালু খাসমহল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরী জানান, সকালে ইউনিয়নের খাশমহল বাজারে একটি লেপ-তোশকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৩০টি দোকান-ঘর পুড়ে গেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৩০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহনসহ ফায়ার সাভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের দুই কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন