বৃহস্পতিবার । ৭ই মে, ২০২৬ । ২৪শে বৈশাখ, ১৪৩৩

রূপসায় ঘের থেকে লাশ উদ্ধার, পুলিশ বলছে হার্ট অ্যাটাক

নিজস্ব প্রতিবেদক

রূপসা উপজেলায় ধনাঞ্জয় রায় নামে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পাথরঘাটা উত্তরপাড়ার একটি ঘের থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ধনাঞ্জয় পাথরঘাটা এলাকার মৃত বিজয় রায়ের ছেলে।

রূপসা থানার এসআই ব্রজ কিশোর জানান, ধনাঞ্জয় পাথরঘাটা এলাকার প্রকাশ কুমার হালদারের একটি ঘেরে গত কয়েকদিন ধরে কাজ করছে। শনিবার কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আজ সকালেও তিনি যথা সময়ে প্রকাশের ঘেরে কাজ করার উদ্দেশ্যে হাজির হন। দুপুর আড়াইটার দিকে খাবার দেওয়ার জন্য তাকে খোঁজ করা হয়। ঘেরের মালিক বিভিন্নস্থানে খোঁজ করতে থাকেন তাকে। একপর্যায়ে পানিতে মাথার চুলের অংশ দেখতে পেয়ে অন্য শ্রমিকদের সহায়তায় উপরে তুলে আনা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্মরত থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি আরও জানান।

সুভজিত নামে ১৩ বছরের একটি ছেলে রয়েছে তার। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে লাশ হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন