বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে ব্যাংকার দম্পতির বাসায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় ব্যাংকার দম্পতির বাসা থেকে কোহিনুর আক্তার (১৬) নামের গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেলে মরদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়।

কোহিনুরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তার পরিবারের একাধিক সদস্য রাজধানীতে থাকেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ব্যাংকার দম্পতির বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করি।’

তিনি বলেন, ‘শরীফুল আলম ওয়ান ব্যাংকের অফিসার এবং তার স্ত্রী মাহবুবা সুলতানা উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। আমাদের কাছে জিজ্ঞাসাবাদে এই দম্পতি জানায়, তাদের বাসায় দেড় মাস আগে কাজ করতে আসে সে (কোহিনুর)।

‘এর আগেও সে এই বাসায় কাজ করেছিল। তাদের (দম্পতি) ৫ বছরের একটি সন্তানকে দেখাশোনা করার জন্য তাকে আনা হয়েছিল। তার বড় বোনও এই বাসায় আগে কাজ করত। তারা আরও জানায়, তাদের বাসায় সিসি ক্যামেরা আছে, কিন্তু সেটায় কোনো স্টোরেজ নেই।’

ওসি বলেন, ‘আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

পুলিশ জানায়, ওই গৃহকর্মীর মা ও বাবাকে তারা কল দিয়েছিল, কিন্তু তারা আসেনি।

ওসি রফিকুল বলেন, ‘আমরা জানতে পেরেছি তার (গৃহকর্মী) মা হাজারীবাগ এলাকায় থাকে। তাকেও আসতে বলা হবে। একটি বোন আছে উত্তরায়। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন