বুধবার । ২২শে এপ্রিল, ২০২৬ । ৯ই বৈশাখ, ১৪৩৩

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ গুলিতে নিহত

গেজেট ডেস্ক

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালংয়ের লম্বাশিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ডি ব্লকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ওপর গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরেক রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ’এশার নামাজের পর নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তালে লক্ষ্য করে মোট ৫ রাউন্ড গুলি করে। এতে তিন রাউন্ড গুলি মুহিবুল্লাহর বুকে লাগলে তার মৃত্যু হয়।’

নিহত মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

এই সংগঠনের নেতা হিসেবে তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের হয়ে কথা বলেছেন বিশ্বদরবারে। তবে তিনি বেশি আলোচনায় আসেন ২০১৯ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে। এরপর বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করলে তিনি তার বিরোধিতা করে প্রত্যাবাসন আটকে দেন।

খুলনা গেজেট/ এস আই/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন