বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

পেসার থেকে নতুন জগতে সাজেদুল

ক্রীড়া প্রতিবেদক

কয়েক মাস আগেও প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন পেসার সাজেদুল ইসলাম। তবে এবার থেকে নতুন ভূমিকা পালন করবেন এই পেসার। দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে অভিষেক হয় সাজেদুল ইসলামের।

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে পথচলা শুরু হলো সাজেদুলের। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেএসপিতে টুর্নামেন্টের সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে আম্পায়ারিং জগতে পা রাখেন সাজেদুল।

এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মনির পর সাজেদুল দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিং শুরু করলেন।

২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয়েছিল সাজেদুলের। ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। তিন টেস্ট খেলা সাজেদুল ৩ উইকেটের মালিক।

টেস্ট ছাড়াও সাজেদুল একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালে। ১ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।

আন্তর্জাতিক ক্রিকেটে উপস্থিতি এত কম হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ ছিলেন সাজেদুল। সর্বশেষ খেলছেন এই বছরের মার্চে জাতীয় লিগে। ৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে উইকেট নিয়েছেন ২৪১টি। ৫৫টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৬৭টি। আর সাতটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে নেন ৬টি উইকেট।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন