মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কিছু আফগানকে বাংলাদেশে আশ্রয় দিতে মার্কিন প্রস্তাব নাকচ বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক 

আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক সময়ের জন্য আশ্রয় দিতে ওয়াশিংটনের অনুরোধ ঢাকা নাকচ করে দিয়েছে। আজ সোমবার রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মোমেন বলেন, প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র এ সময় জানায় তারা বাংলাদেশসহ কিছু বন্ধু দেশকে এ অনুরোধ জানিয়েছে। এরপর আমরা জানতে চেয়েছিলাম কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি।

এর আগে আজ সোমবার দুপুর ১২টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আফগানিস্তানের বেশ কিছু নাগরিককে আশ্রয় দেওয়ার প্রস্তাব এসেছে এবং এ ব্যাপারে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কারা এই প্রস্তাব দিয়েছে—এমন প্রশ্নের জবাবে নাম উল্লেখ না করে আবদুল মোমেন বলেন, ‘একটি শক্তিধর দেশ দিয়েছে।’

আফগানিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্য এলাকায় বিভিন্ন সংস্থায় বাংলাদেশের যাঁরা কর্মরত আছেন, আমার জানা মতে তাঁরা সবাই নিরাপদে ও ভালো আছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন