বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কলকাতায় মুক্তি পাচ্ছে জয়ার ‘বিনিসুতোয়’

বিনোদন ডেস্ক

কলকাতার সিনেমা হলে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত টলিউডের সিনেমা ‘বিনিসুতোয়’। ২০ আগস্ট থেকে কলকাতার সিনেমা হল নন্দনসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান সিনেমার নির্মাতা অতনু ঘোষ।

রোববার রাত দশটায় সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছে। সিনেমার প্রধান দুই চরিত্রে জয়া আহসানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

২০১৯ সালে এ সিনেমা নির্মাণকাজ শেষ হওয়ার পর মহামারীর কারণে মুক্তি আটকে ছিল; ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সিনেমা হল খুলতে থাকায় মুক্তির সিদ্ধান্তের কথা জানালেন পরিচালক। পরবর্তীতে সিনেমা হলের সংখ্যা বাড়তে পারে বলে জানান অতনু।

অতনুর সঙ্গে জয়ার এটি দ্বিতীয় চলচ্চিত্র; এর আগে তার পরিচালনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রবিবার’ সিনেমায় অভিনয় করেছেন জয়া।

‘বিনিসুতোয়’ সিনেমার দুই মুখ্য চরিত্র কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। অভিনয়ের পাশাপাশি সিনেমার একটি গানেও পাওয়া যাবে জয়ার কণ্ঠ।

মধ্য তিরিশের এই দুই মানুষের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা এক অপরের সঙ্গে শেয়ার করেন তাঁদের জীবনের ঘাত প্রতিঘাতের গল্প।

জয়া ও ঋত্বিক চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্রসহ আরও অনেকে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন