বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

কাশিমপুরের ‘রজনীগন্ধা’ আপাতত ঠিকানা পরীমণির

গেজেট ডেস্ক

মাদক মামলায় গ্রেপ্তার নায়িকা পরীমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাসূত্র জানায়, নায়িকা পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে। এর আগে, দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরীমণির পক্ষের আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করে শুনানি করেন।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাবের সদরদফতরে। সেখানেই রাত কাটাতে হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন