যশোরের শার্শায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।
নিহত হেলপারের নাম আরিফ হোসেন (৩০)। তার বাড়ি বগুড়ার শেরপুর এলাকায়।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে যশোরের দিকে যাওয়ার সময় নাভারন সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুখেন্দু কুমার মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত আরিফ হোসেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।
নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বলেন, গাড়ির চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। কাভার্ড ভ্যানটি হেফাজতে নেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এএজে

