কলকাতার ‘চালচিত্র ২’-এ বাংলাদেশের চঞ্চল

বিনোদন ডেস্ক

২০২৪ সালের শেষ দিকে মুক্তি পেয়েছিল প্রতীম ডি গুপ্তর ‘চালচিত্র’। ছবিটির মাধ্যমে টলিউডে অভিষেক হয়েছিল বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। স্বল্প সময়ের উপস্থিতি দিয়েও বাজিমাৎ করেছিলেন তিনি। বিপুল প্রশংসা পেয়েছিল তার অভিনয়।

সে সময় থেকেই শোনা যাচ্ছিল, ছবিটির দ্বিতীয় অধ্যায় আসবে। এবার খবর মিলল, সিনেমা নয়, বরং সিরিজ হিসেবে আসছে ‘চালচিত্র ২’। আর এতে অভিনয় করবেন বাংলাদেশের দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরী। যিনি আগেও কলকাতার সিনেমায় কাজ করে প্রশংসিত হয়েছেন।

‘চালচিত্র ২’কে এর প্রিক্যুয়েল হিসেবে বিবেচনা করছেন নির্মাতা। তিনি জানান, সিনেমায় যে সিরিয়াল কিলার রয়েছে, তার প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান সময়ের সংযোগ থাকবে গল্পে। মূলত সিরিয়াল কিলারকে ঘিরেই এগোচ্ছে সিরিজটি।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘চালচিত্র’ সিনেমায় সিরিয়াল কিলার ‘ভুবন’ চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। সে চরিত্রেই এবার দেখা যাবে চঞ্চলকে। যদিও অভিনেতা বিষয়টি স্বীকার করেননি। তবে এতটুকু নিশ্চয়তা দিয়েছেন, তিনি ‘চালচিত্র ২’ করছেন। গণমাধ্যমকে চঞ্চল বলেন, ‘গল্প নিয়ে বিস্তারিত বলা যাবে না। এটার জন্য দর্শককে অপেক্ষা করতে হবে। আমি অভিনয় করছি, এটা চূড়ান্ত। কাজটা যখন দর্শক দেখবে, তখনই গল্প আর চরিত্রটা দেখুক।’

আগের মতো এবারও প্রধান তদন্তকারী অফিসারের ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী। অভিনয়ে আরও আছেন শ্বেতা মিশ্র, বরুণ চন্দ প্রমুখ। ইতিমধ্যে শুরু হয়েছে শুটিং। চঞ্চল জানালেন, দু-এক দিনের মধ্যে তিনিও যোগ দেবেন ‘চালচিত্র ২’-এর শুটিংয়ে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ওটিটিতে মুক্তি পাবে সিরিজটি।

এদিকে কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে ‘শেকড়’ ও ‘আজাদি’ নামে দুটি সিনেমার শুটিং সেরেছেন চঞ্চল। ছবি দুটি পরিচালনা করছেন যথাক্রমে ব্রাত্য বসু ও সুমন মুখোপাধ্যায়।

খুলনা গেজেট/রুএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন