জ্ঞানেশ কুমারের অপসারণ ও SIR বাতিলের দাবিতে কলকাতায় বামেদের মিছিল

কলকাতা প্রতিনিধি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (SIR) প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে শুক্রবার (২ অক্টোবর) কলকাতায় বিশাল মিছিল করল রাজ্য বামফ্রন্ট ও সহযোগী দলগুলি। রানি রাসমণি রোড থেকে শুরু হয়ে ধর্মতলা বাসস্ট্যান্ড, মেট্রো স্টেশন ও প্রেস ক্লাব হয়ে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে বাম নেতৃবৃন্দ গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত এই আন্দোলন চলবে।

বামেদের চার দফা দাবির মধ্যে অন্যতম হল— নির্বাচন কমিশনের স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার করা এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন কমিশনারদের নিয়োগ করা। মিছিলে সিপিআই, সিপিআই(এম), সিপিআই(এমএল) লিবারেশন, এসইউসিআই(সি), আরএসপি, ফরওয়ার্ড ব্লকসহ ১০টি বাম দলের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, প্রবীর দেব, কার্তিক পাল, দেবাশিস মুখার্জির মতো শীর্ষ বাম নেতারা।

মিছিলের আগে রানি রাসমণি রোডে শ্রীদীপ ভট্টাচার্যের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সভা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতারা অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য দুই কমিশনারের আপত্তি উপেক্ষা করে মোদী-শাহ জুটির সমর্থনে একপক্ষীয় সিদ্ধান্ত নিচ্ছেন, যা সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। দেশের মানুষের ভোটাধিকার রক্ষায় এবং নীতিহীন নির্বাচন কমিশনকে রুখতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ অথবা অপসারণ অপরিহার্য বলে দাবি জানান বক্তারা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন