গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকা এবং দুপুরে কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন হলেন—মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মাইজপাড়া গ্রামের শরিফুল ইসলাম জাহিদ (৪৮) এবং মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে আকরাম বিশ্বাস (৪০)। অন্য একজনের (প্রায় ৩৫) পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘দোলা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ওয়েলকাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কনটেইনারবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই গাড়ির মাঝে চাপা পড়ে পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুই দুর্ঘটনায় আহত অন্তত ২০ জন স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন